আগামী ১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংক পিএলসির সব শাখা ও এটিএম বুথে প্রয়োজনীয় নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করা হবে। এ সিদ্ধান্তের ফলে ব্যাংকটির আমানতকারীরা চাহিদা অনুযায়ী স্বাভাবিকভাবে অর্থ উত্তোলন করতে পারবেন।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক মেলিতা মেহজাবীন ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক সাক্ষাৎ করেন। এ সময় ব্যাংকটির তারল্য পরিস্থিতি ও আমানতকারীদের অর্থ উত্তোলনের বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা হয়।
গভর্নর আমানতকারীদের স্বার্থরক্ষা এবং ব্যাংকিং ব্যবস্থার প্রতি আস্থা বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন। তিনি সব আমানতকারী যাতে চাহিদা অনুযায়ী অর্থ তুলতে পারেন, তা নিশ্চিত করার উপর গুরুত্ব দেন।
ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান জানান, বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক পদক্ষেপের ফলে ব্যাংকটিতে সুশাসন নিশ্চিত করা সম্ভব হয়েছে। তবে ব্যাংকটি এখনও সংকটে রয়েছে, কারণ উচ্চ খেলাপি ঋণ ও ধারাবাহিক লোকসানের কারণে তারল্যসংকট অব্যাহত রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ন্যাশনাল ব্যাংকের মোট ঋণের ৫৬ দশমিক ৪৪ শতাংশ খেলাপি, যা প্রায় ২৪ হাজার কোটি টাকা। ২০২৪ সালে ব্যাংকটির লোকসানের পরিমাণ ছিল ১ হাজার ৭০৬ কোটি টাকা।
অনলাইন ডেক্স 

























