যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো বিদেশি এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইট ইরানের রাজধানী তেহরানে অবতরণ করেছে। ইরাকের রাষ্ট্রীয় বিমান সংস্থা ইরাকি এয়ারওয়েজের একটি ফ্লাইট বৃহস্পতিবার তেহরানে পৌঁছায়, যা ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ফ্লাইটটি ইরাকের নাজাফ থেকে তেহরানে আসে এবং একই ফ্লাইটে যাত্রীদের নিয়ে আবার নাজাফে ফেরার ব্যবস্থা ছিল। গত ২৮ ফেব্রুয়ারির পর এটি প্রথম বিদেশি এয়ারলাইনসের বাণিজ্যিক ফ্লাইট, যা তেহরানে অবতরণ করল।
ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে ফ্লাইটটির তেহরানে অবতরণের একটি সংক্ষিপ্ত ভিডিও প্রচার করা হয়, যেখানে ইরাকি এয়ারওয়েজের উড়োজাহাজটিকে রাজধানীর বিমানবন্দরে অবতরণ করতে দেখা যায়।
গত মাসে ইরাকের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছিল, ইরানি রুটে ফ্লাইট পরিচালনার জন্য ইরাকি এয়ারওয়েজকে নিষেধাজ্ঞা থেকে বিশেষ ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র।
ইরাকের এক কর্মকর্তা জানিয়েছিলেন, এই ছাড় মূলত ইরান ও নাজাফের মধ্যে যাতায়াতকারী ধর্মীয় তীর্থযাত্রীদের পরিবহনের জন্য প্রযোজ্য। শিয়া মুসলিমদের কাছে ইরানের বিভিন্ন ধর্মীয় স্থান এবং ইরাকের নাজাফ গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে পরিচিত।
যুদ্ধ শুরুর পর ইরানের সঙ্গে আন্তর্জাতিক বিমান যোগাযোগে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছিল। এ অবস্থায় ইরাকি এয়ারওয়েজের ফ্লাইট তেহরানে অবতরণকে দুই দেশের মধ্যে সীমিত আকারে বিমান যোগাযোগ পুনরায় চালুর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
অনলাইন ডেক্স 























