জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মুফতি মিজানুর রহমান সাইদকে সভাপতি করা হয়েছে।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) আয়োজিত ন্যাশনাল ওলামা সামিটে এ কমিটি ঘোষণা করা হয়।
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত এ সামিটে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম। তিনি নতুন কমিটি ঘোষণা করেন।
কমিটিতে সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনকে সিনিয়র সহসভাপতি ও মুফতি রেজাউল করীম আবরারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া মুফতি শামছুদ্দোহা আশরাফীকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।
নতুন কমিটির সভাপতি মুফতি মিজানুর রহমান সাইদ ও সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার আগের কমিটিতেও যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পূর্ণাঙ্গ কমিটি পরবর্তী সময়ে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
অনলাইন ডেক্স 





















