বাংলাদেশের সার্বিক মূল্যস্ফীতি আবার ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮.৩৪ শতাংশে, যা আগস্ট মাসে ছিল ৮.২৬ শতাংশ।
মূলত খাদ্যপণ্যের দাম বৃদ্ধির কারণে সেপ্টেম্বরে মূল্যস্ফীতির হার বেড়েছে। বিবিএসের তথ্যে দেখা যায়, সেপ্টেম্বর মাসে খাদ্যখাতের মূল্যস্ফীতি বেড়ে ৭.২২ শতাংশ হয়েছে, যা আগস্ট মাসে ছিল ৭.০২ শতাংশ। অন্যদিকে, খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি কিছুটা কমে দাঁড়িয়েছে ৯.৩০ শতাংশে, যা আগস্ট মাসে ছিল ৯.৩২ শতাংশ।
গ্রাম ও শহরের মূল্যস্ফীতি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বরে গ্রামীণ এলাকায় শহরের তুলনায় মূল্যস্ফীতির হার কিছুটা বেশি ছিল। গ্রামে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৮.৩৮ শতাংশ, যা আগস্টে ছিল ৮.৩১ শতাংশ। শহর এলাকায় গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮.২৬ শতাংশে, যা আগস্টে ছিল ৮.২০ শতাংশ।
অন্যদিকে, মূল্যস্ফীতি বাড়লেও মজুরি বৃদ্ধির হার কিছুটা কমেছে। বিবিএসের মজুরি হার সূচক অনুযায়ী, সেপ্টেম্বর মাসে জাতীয় পর্যায়ে সাধারণ মজুরি বৃদ্ধির হার ছিল ৭.৯০ শতাংশ, যা আগস্টে ছিল ৮.০৫ শতাংশ।
বিবিএস সারাদেশের ৬৪টি জেলার ১৪৩টি হাট-বাজার থেকে উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে এই পরিসংখ্যান তৈরি করেছে।
অনলাইন ডেক্স 
























