চট্টগ্রামে আগামীকাল (৯ অক্টোবর) উদ্বোধন হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম সাইকেল ট্র্যাক। এই উদ্যোগ নগরবাসীর জন্য নিরাপদ ও পরিবেশবান্ধব যাতায়াত নিশ্চিত করতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সাইকেল ট্র্যাকের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি নির্মাণকাজের মান ও নাগরিকদের চলাচলের সুবিধা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
মেয়র জানান, সাইকেল ট্র্যাকটি ব্যবহারকারীবান্ধব ও নিরাপদ করে তৈরি করা হয়েছে। এটি চট্টগ্রামকে আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সাইকেল ট্র্যাকটি ২ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ বিমানবন্দর সড়কের উন্নয়ন প্রকল্পের অংশ। এতে সড়কের মাঝখানে মিড আইল্যান্ড ও এক পাশে সাইকেল ট্র্যাক নির্মাণ করা হয়েছে, যা নগরের পরিবেশবান্ধব যোগাযোগব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে।
এ উদ্যোগের মাধ্যমে নগরবাসী ও পর্যটকদের জন্য নিরাপদ ও আরামদায়ক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হবে। সাইকেল চলাচলের জন্য পৃথক লেন থাকায় সাইকেল আরোহীদের নিরাপত্তা বাড়বে এবং স্বাস্থ্যসচেতন জীবনযাপনের প্রবণতা বৃদ্ধি পাবে।
অনলাইন ডেক্স 

























