আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বৈশ্বিক সংকট মোকাবিলায় বিশ্বের দেশগুলোকে অভিন্ন দায়িত্ববোধের ভিত্তিতে দায়িত্ব ভাগ করে নিতে হবে। তিনি মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক জাস্টিস সামিট-ইস্তান্বুল, ২০২৬’-এর উদ্বোধনী অধিবেশনে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক আইনি ব্যবস্থা নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে নতুন ধরনের বৈষম্য ও আন্তঃসীমান্ত অপরাধের ঝুঁকি তৈরি হয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় শুধু নতুন আইন প্রণয়ন যথেষ্ট নয়, বরং কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ওই সময় ১ হাজার ৪শ’র বেশি মানুষ নিহত এবং প্রায় ৩০ হাজার মানুষ আহত হন। তিনি জানান, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরের প্রতিবেদনেও এসব ঘটনা নথিভুক্ত হয়েছে।
রোহিঙ্গা সংকট নিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে, যা দেশের সম্পদ ও সামাজিক স্থিতিশীলতার ওপর চাপ সৃষ্টি করেছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত দায়িত্বের মাধ্যমে এই সংকটের সমাধানের আহ্বান জানান।
আইনমন্ত্রী আরও বলেন, সাইবার অপরাধ ও বিভ্রান্তিকর তথ্যের মতো নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ একটি ভারসাম্যপূর্ণ আইনি কাঠামো প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। তিনি আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির গুরুত্ব তুলে ধরে বলেন, এসব ক্ষেত্রে আন্তর্জাতিক সালিশি ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনলাইন ডেক্স 






















