সুনামগঞ্জের তাহিরপুরে পূর্বশত্রুতার জেরে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ চলছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে বীর নগর ও ময়মনসিংহা হাটি অর্থাৎ শনির হাওরের পাড়ে এই সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয়পক্ষের ৬ জন গুরুতর আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে উপজেলার সদর ইউনিয়নের চার গ্রাম (বীরনগর, জয়নগর, লক্ষীপুর, ধুতমা) বনাম মধ্য তাহিরপুরের ময়মনসিংহা হাটির লোকজনের মাঝে বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরে মঙ্গলবার রাতে বীরনগর মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয় সবাইকে শনির হাওরে পাড়ে উপস্থিত হয়ে সংঘর্ষে অংশ নেওয়ার জন্য।
বুধবার দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রাকিবুল হাসান রাসেল জানান, সারারাত এই গ্রামগুলোতে পুলিশ মোতায়েন ছিল এবং স্থানীয়দের সঙ্গে কথা বলা হয়েছিল। তবে সংঘর্ষ থামানো সম্ভব হয়নি।
এখন সুনামগঞ্জ থেকে গোয়েন্দা শাখার (ডিবির) টিম ঘটনাস্থলে যাচ্ছে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানান পুলিশ কর্মকর্তা।
অনলাইন ডেক্স 























