জাতিসংঘের নেতৃত্ব এবং আন্তর্জাতিক সহযোগিতায় রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, তবে অনেক সময় অতিবাহিত হওয়ায় সমস্যাটি আরও জটিল হয়েছে। সরকার আশা করছে দ্রুতই এই সংকট থেকে মুক্তি পাবেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির দ্বিতীয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অবশ্যই সম্ভব’ এবং আন্তর্জাতিক মহলের সহযোগিতায় রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব বলে সরকার বিশ্বাস করে।
তিনি জানান, প্রত্যাবাসন নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি কাজ করছে। তবে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় সমস্যাটি আরও জটিল হয়েছে।
রোহিঙ্গাদের জন্য পৃথক কারাগার স্থাপনের কোনো প্রস্তাব মন্ত্রণালয়ে রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী তা নাকচ করেন। তিনি বলেন, ‘না, এ রকম কোনো প্রস্তাব নাই।’
ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্যাম্পে মাদক কারবার, অনলাইন জুয়া, মানবপাচার এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর আনাগোনা বড় সমস্যা। এসব অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত পুলিশের পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নেতৃত্বে কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এপিবিএনের সদস্যদের তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে এবং ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণের ঘটনা বন্ধ করতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
অনলাইন ডেক্স 






















