নয় বছর ধরে নিখোঁজ ছেলে নজরুল ইসলামের (২৯) খোঁজ করছেন বাবা গিয়াস উদ্দিন বেপারী। ২০১৭ সালে ঢাকায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নজরুলের কোনো সন্ধান পাওয়া যায়নি।
গিয়াস উদ্দিন বেপারী (৬৫) চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঢাকিরগাঁও এলাকার বাসিন্দা। তিনি জানান, নজরুল ইসলাম কাঠমিস্ত্রির কাজ করতেন এবং চার ভাই ও এক বোনের মধ্যে তিনি দ্বিতীয়।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে কলেজগেট এলাকায় গিয়াস উদ্দিন তাঁর ছেলের ছবি ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হাতে নিয়ে স্থানীয়দের কাছে ছেলের খোঁজ করছেন। তিনি জানান, বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও ছেলের সন্ধান পাননি।
গিয়াস উদ্দিন বলেন, “ছেলের কথা মনে হলে বুকটা হা হা করে ওঠে। কত জায়গায় খুঁজেছি, কিন্তু পাইনি।” তিনি জানান, ছেলের আয়েই সংসার চলত এবং এখন তিনি বৃদ্ধ বয়সে অটো চালাচ্ছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নজরুল ইসলাম নিখোঁজ হওয়ার ১০ দিন পর গিয়াস উদ্দিন মতলব দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, জিডির বিষয়টি খতিয়ে দেখা হবে এবং নজরুল ইসলামকে খুঁজে বের করার চেষ্টা করা হবে।
অনলাইন ডেক্স 

























