হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অতনু বণিকের ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি আজ মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে ফেসবুকে প্রকাশিত হয়।
ভিডিওতে দেখা যায়, এএসআই অতনু বণিক মামলার বাদীর কাছ থেকে টাকা গ্রহণ করছেন। বাদীকে বলতে শোনা যায়, ‘আপনি ১০ হাজার টাকা চেয়েছিলেন। আগে ৪ হাজার দিয়েছি, এখন ৬ হাজার দিলাম।’ এই ঘটনায় জেলা পুলিশ প্রশাসনে তোলপাড় সৃষ্টি হয়েছে।
এর আগে, অতনু বণিকের বিরুদ্ধে একটি মামলার তদন্তকালে এক নারীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ ওঠে। ওই সময় ভুক্তভোগী পরিবার হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছিল।
এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বিষয়টি তিনি অবগত হয়েছেন এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
অনলাইন ডেক্স 

























