কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে ভার্চুয়াল সম্পর্ক গড়ে তোলার বিষয়টি এখন বাস্তবে পরিণত হয়েছে। এ ধরনের সম্পর্কের সামাজিক ও মানসিক প্রভাব নিয়ে উদ্বেগের মধ্যে চীন কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে।
নতুন নীতিমালার আওতায়, মানুষের মতো আচরণ করতে সক্ষম এবং আবেগঘন সম্পর্ক তৈরি করতে পারে এমন এআই চ্যাটবটের ওপর একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। চীনের সরকার জানিয়েছে, এসব পদক্ষেপের মূল উদ্দেশ্য মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং শিশু-কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করা।
চলতি বছরের জুলাই থেকে কার্যকর হওয়া নিয়ম অনুযায়ী, ১৮ বছরের কম বয়সিদের জন্য ভার্চুয়াল প্রেমিক-প্রেমিকা সম্পর্কিত এআই সেবা নিষিদ্ধ করা হয়েছে। ১৪ বছরের কম বয়সি শিশুদের জন্য এআই চ্যাটবট ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকের অনুমতি বাধ্যতামূলক করা হয়েছে।
প্রাপ্তবয়স্কদের জন্য সরাসরি নিষেধাজ্ঞা না থাকলেও, এআই চ্যাটবটকে ব্যবহারকারীদের জানাতে হবে যে এটি মানুষ নয়। ব্যবহারকারীদের অনলাইনে কাটানো সময় সম্পর্কে নিয়মিত সতর্কবার্তা দিতে হবে।
নতুন নীতির প্রভাব ইতোমধ্যে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর পড়তে শুরু করেছে। আলিবাবা ও বাইটড্যান্সসহ কয়েকটি কোম্পানি তাদের এআই সহকারীদের কিছু সঙ্গীসুলভ ফিচার বন্ধ করতে বাধ্য হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, চীনের এই পদক্ষেপ ভবিষ্যতে অন্যান্য দেশগুলোর জন্য উদাহরণ হতে পারে।
অনলাইন ডেক্স 























