শিক্ষা মন্ত্রণালয় অনির্দিষ্টকালের জন্য বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের বদলি ও পদায়ন স্থগিত করেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
সোমবার (৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-১ শাখা থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান স্বাক্ষরিত আদেশে বিষয়টি জানানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের বদলি ও পদায়ন ৬ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং দেশের সব মাধ্যমিক ও উচ্চশিক্ষা অঞ্চলের পরিচালকদের কাছে আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।
এর আগে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি ও পদায়নে নতুন নীতিমালা জারি করেছিল শিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালায় বদলি প্রক্রিয়ায় তদবির কমানো এবং নির্দিষ্ট যোগ্যতা ও শর্ত পূরণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
নীতিমালার আওতায়, লেকচারার ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের বদলির দায়িত্ব আঞ্চলিক পরিচালকের নেতৃত্বাধীন কমিটিকে দেওয়া হয়েছে। অ্যাসোসিয়েট প্রফেসরদের বদলি ও পদায়নের দায়িত্ব মাউশির মহাপরিচালকের নেতৃত্বাধীন কমিটিকে এবং প্রফেসর ও অন্যান্য শীর্ষ পদের কর্মকর্তাদের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে।
অনলাইন ডেক্স 























