ফেনী জেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। পরশুরাম ও ফুলগাজীসহ বিভিন্ন স্থানে প্রিয় নেতাকে একনজর দেখতে মানুষের ঢল নেমেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং জেলার বিভিন্ন রুটে মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
আজ সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী ঢাকার নিজ বাসভবন থেকে সড়কপথে ফেনীর পরশুরামের উদ্দেশে রওয়ানা হন। সফরসূচি অনুযায়ী, দুপুরে তিনি ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের ফলক উন্মোচন করবেন।
এছাড়া, একই সময়ে ফেনীর তিন উপজেলার সরকারি কার্যালয়ের ছাদে স্থাপিত সৌর প্যানেল থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
দুপুর সোয়া ১টায় পরশুরাম থেকে ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে রওনা হবেন তিনি। সেখানে দুপুর দেড়টায় একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
বেলা ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত বিশেষ সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ এবং ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী ভাতা প্রদান করবেন।
দিনব্যাপী রাষ্ট্রীয় কর্মসূচি শেষে বিকেল ৫টায় প্রধানমন্ত্রী ফেনী ত্যাগ করবেন এবং রাত ৯টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
অনলাইন ডেক্স 























