জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আবাদপুর পূর্বপাড়া গ্রামে খালের স্লুইসগেটের পাশে একটি নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে স্থানীয় যুবক বিপ্লব হোসেন মাছ ধরতে গিয়ে পানিতে মরদেহটি দেখতে পান।
নিহত নারীর নাম বেলি বিবি, তিনি ওই গ্রামের বাচ্চু সরদারের স্ত্রী। বৃহস্পতিবার বিকেলে গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শুক্রবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়, ঘটনাস্থলের পাশে তার জুতা, কাপড় ও সাবান পড়ে ছিল।
বেলি বিবির ভাই হেলাল খান জানান, তার উচ্চ রক্তচাপের সমস্যা ছিল। ধারণা করা হচ্ছে, গোসল করতে গিয়ে অসুস্থ হয়ে পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে।
বেলি বিবির স্বামী বাচ্চু সরদার বলেন, তিনি ছেলের বাড়িতে ছিলেন এবং স্ত্রী মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাচ্চু সরদার থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করেছেন।
অনলাইন ডেক্স 

























