জামালপুরের সরিষাবাড়ীতে এক প্রধান শিক্ষককে মারধর ও অপহরণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়রা জামে মসজিদ ও উচ্চ বিদ্যালয় সংলগ্ন প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী প্রধান শিক্ষক সাইফুর রহমান বাসেদ, যিনি রুদ্র বয়রা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, অভিযোগ করেছেন যে, মোটরসাইকেলে স্কুলে আসার পথে চার অজ্ঞাত যুবক তার পথরোধ করে মারধর শুরু করে এবং একটি অ্যাম্বুলেন্সে জোরপূর্বক তোলার চেষ্টা করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষককে মারধরের পর স্থানীয় বাসিন্দা, শিক্ষক ও শিক্ষার্থীরা ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আহত শিক্ষককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরায় অপহরণচেষ্টার পুরো দৃশ্য ধারণ হয়েছে।
শিক্ষকের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকির বলেন, এ ধরনের অমানবিক আচরণ গ্রহণযোগ্য নয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল, তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবীরও ঘটনার বিষয়ে অবগত আছেন বলে জানান।
অনলাইন ডেক্স 























