চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনের মতো শাটডাউন ও গণঅবস্থান কর্মসূচি চলছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে তাদের আন্দোলনের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন।
শিক্ষার্থীরা জানান, ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে মাত্র ৫৬ দিন আগে দায়িত্ব নেওয়া অধ্যাপক সায়েমকে পরিবর্তনের সিদ্ধান্ত জানানো হয়। তবে প্রজ্ঞাপনে এ পরিবর্তনের কোনো কারণ উল্লেখ করা হয়নি। তাদের দাবি, নতুন নিয়োগপ্রাপ্ত উপাচার্যকে ঘিরে নয়; বরং অধ্যাপক সায়েমকে পুনর্বহাল করতে হবে।
সংবাদ সম্মেলনে চুয়েটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আমিমুল ইহসান, সাদিয়া আক্তার ও যুলকারনাইন মিহাদ লিখিত বক্তব্য পাঠ করেন। তারা জানান, ২১ সেপ্টেম্বর রাতে প্রজ্ঞাপনের প্রতিবাদে প্রায় তিন হাজার শিক্ষার্থী ক্যাম্পাসে জড়ো হন এবং এরপর থেকে আন্দোলন শুরু হয়। শিক্ষার্থীদের দাবি, এতে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছেন।
শিক্ষার্থীরা জানান, চুয়েটের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি দেশ-বিদেশের বিভিন্ন অ্যালামনাই প্ল্যাটফর্ম সমর্থন জানিয়েছে। যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের অ্যালামনাই প্ল্যাটফর্ম থেকে সমর্থন পাওয়ার কথা জানানো হয়।
তারা আরও জানান, অধ্যাপক সায়েমকে পুনর্বহালের সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। এছাড়া বুধবার পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ও জেলা প্রশাসকের কাছে শিক্ষার্থীদের দাবিসংবলিত স্মারকলিপি দেওয়া হয়েছে।
অনলাইন ডেক্স 
























