মাগুরায় এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার পর গলা কেটে হত্যার দায়ে হাসান শেখ (২৭) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২০ জুলাই) মাগুরার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসান শেখ মাগুরার শ্রীপুর উপজেলার হাট শ্রীকোল গ্রামের ফজলু শেখের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৭ মার্চ বিকেল থেকে ওই স্কুলছাত্রী নিখোঁজ ছিল। পরদিন ১৮ মার্চ দুপুরে স্থানীয় কুমার নদের পাড়ে একটি বাঁশঝাড়ের পাশ থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনার পরদিন নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ১৯ মার্চ রাতে শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে হাসান শেখকে গ্রেপ্তার করে র্যাব-৬-এর একটি দল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসান শেখ ধর্ষণের চেষ্টা ও হত্যার কথা স্বীকার করেন।
তদন্তে ভুক্তভোগী মেয়েটির পোশাকে একটি সূক্ষ্ম লোম পাওয়া যায়, যা ডিএনএ পরীক্ষায় আসামি হাসানের বলে প্রমাণিত হয়। এছাড়া উদ্ধারকৃত ব্লেডে ভুক্তভোগীর রক্ত পাওয়ার বিষয়টি ফরেনসিক রিপোর্টে নিশ্চিত করা হয়। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাখাওয়াত হোসেন জানান, ঘটনার দিন বিকেলে মেয়েটি কুমার নদের পাড়ে একটি রসুন ক্ষেত দেখতে গেলে আসামি হাসান শেখ তাকে অনুসরণ করে।
আদালত সূত্রে জানা গেছে, তদন্ত শেষে ২০২৪ সালের ১ এপ্রিল পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। মামলায় ১১ জন সাক্ষীর জবানবন্দি ও বৈজ্ঞানিক তথ্য-প্রমাণ বিবেচনা করে বিচারক আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। নিহত স্কুলছাত্রীর মা রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন, তবে আসামির পরিবার এই রায়কে ষড়যন্ত্র বলে দাবি করেছে এবং উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে।
অনলাইন ডেক্স 
























