কুমিল্লার দেবিদ্বারে অষ্টম শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) দুপুরে দেবিদ্বার থানার ওসি (তদন্ত) মো. ইমাম হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, দেবিদ্বার পৌরএলাকার বারেরা গ্রামের মো. রমিজ মিয়ার ছেলে মো. সবুজ মিয়া (২৪) এবং একই গ্রামের আবুল হোসেনের ছেলে মো. ইসমাইল (২৯)। তারা একে অপরের খালাতো ভাই এবং প্রবাস ফেরত বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ জুলাই সকালে দেবিদ্বার পৌর এলাকার বারেরা গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পর দুই আসামি পলাতক ছিল এবং ভিক্টিমের দাদির সঙ্গে ৩ লাখ টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হলে ভিক্টিমের পরিবার থানায় যোগাযোগ করে।
৮ জুলাই ভিক্টিমের মা বাদী হয়ে মামলা দায়ের করেন। এরপর পুলিশ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহায়তায় আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করে। রোববার (১৯ জুলাই) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার ডালপা বিল এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
দেবিদ্বার থানার ওসি (তদন্ত) মো. ইমাম হাসান বলেন, "আমরা ঘটনার পর থেকে কাজ করে যাচ্ছি এবং আসামিদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।" গ্রেপ্তার আসামিদের কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।
অনলাইন ডেক্স 
























