পেশাগত নিবন্ধনের দাবিতে চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের জাতীয় মহাসমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ ডেন্টাল পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা ডেন্টাল ডিপ্লোমাধারী, শিক্ষার্থী ও পেশাজীবী অংশ নেন। মহাসমাবেশ শেষে অংশগ্রহণকারীরা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে পদযাত্রা করেন।
সমাবেশে বক্তারা জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বীকৃত চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের জন্য স্বাস্থ্য অধিদপ্তর কর্মপরিধি নির্ধারণ করলেও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) থেকে পেশাগত নিবন্ধন না পাওয়ায় তারা কর্মসংস্থান ও পেশাগত বৈষম্যের শিকার হচ্ছেন। বক্তারা বলেন, নির্ধারিত কর্মপরিধির আওতায় সীমিত পরিসরে প্রাইভেট প্র্যাকটিসের সুযোগও তারা পাচ্ছেন না।
সংগঠনের মহাসচিব লায়ন মুহাম্মদ কামাল হোসেন বলেন, রাষ্ট্র নিজেই এই কোর্স চালু করেছে এবং প্রশিক্ষিত জনবল বিএমডিসির পেশাগত নিবন্ধন থেকে বঞ্চিত। তিনি উল্লেখ করেন, কোর্সের নাম ও সিলেবাসের অসঙ্গতির কারণে বিদেশেও কর্মসংস্থানের ক্ষেত্রে নানা জটিলতার মুখোমুখি হতে হচ্ছে।
বক্তারা আরও দাবি করেন, সমযোগ্যতা সম্পন্ন মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা বিএমডিসি আইন, ২০১০ অনুযায়ী নিবন্ধনের সুযোগ পেলেও চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীরা একই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তারা বিএমডিসি আইন, ২০১০-এর ৩৫ ধারার আওতায় তফসিল সংশোধন অথবা ৩৬ ধারার অধীনে নতুন বিধিমালা প্রণয়নের মাধ্যমে ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধনের ব্যবস্থা করার দাবি জানান।
বাংলাদেশ ডেন্টাল পরিষদের সভাপতি মো. মোশাররফ হোসেন মোল্লার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন এমট্যাবের মহাসচিব বিপ্লবুজ্জামান, সিনিয়র যুগ্ম মহাসচিব দবির উদ্দিন খান তুষার, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, যুগ্ম মহাসচিব আইনুল হকসহ সংগঠনের অন্যান্য নেতারা।
অনলাইন ডেক্স 
























