চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাংশে স্থাপনের দাবিতে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল-সন্ধ্যা খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ ও হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এ কর্মসূচির ডাক দেয় ‘ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদ’। উত্তরাংশের দাঁতমারা, বাগানবাজার ও নারায়ণহাট ইউনিয়নে এ কর্মসূচি পালিত হবে।
বুধবার হেয়াকো বাজারে সমন্বয় পরিষদের ব্যানারে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন কমিটির সমন্বয়ক নুরুল আমিন আজাদ ও মনির হায়দার। তারা জানান, গত ১০ জুলাই জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাত দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।
সম্মেলনে জানানো হয়, হরতাল চলাকালে দাঁতমারা, বাগানবাজার ও নারায়ণহাট ইউনিয়নের সরকারি-বেসরকারি অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহন চলাচল বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। তবে হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, ওষুধের দোকানসহ জরুরি সেবা এবং চলমান পরীক্ষার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান হরতালের আওতার বাইরে থাকবে।
ভুজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করলে পুলিশ কোনো প্রকার বাধা দেবে না। তবে বিশৃঙ্খল পরিস্থিতির উদ্ভব হলে পুলিশ তা মোকাবিলার জন্য প্রস্তুত থাকবে।
অনলাইন ডেক্স 























