প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে শহীদ আবু সাঈদের দৃশ্য ছিল গণতান্ত্রিক অধিকারবঞ্চিত একটি জাতির ভয় জয়ের প্রতীক। তিনি ১৬ জুলাই ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার রাতে নিজের ফেসবুক পেজে এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদসহ কমপক্ষে ৬ জন শহীদ হন। তিনি উল্লেখ করেন, আবু সাঈদ বুক পেতে দিয়ে পুলিশের সামনে দাঁড়িয়ে ছিলেন, যা গণতন্ত্রকামী জনগণের মধ্যে ক্ষোভের সঞ্চার করে।
তিনি বলেন, ১৬ জুলাই আমাদের জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিন। এদিন নিরস্ত্র বীর ছাত্র-জনতা রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়েছিল। আবু সাঈদের দৃশ্য কেবল একটি মুহূর্ত ছিল না, এটি ছিল একটি জাতির সাহসের প্রতীক।
প্রধানমন্ত্রী আরও বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদ, দুর্নীতি ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে জাতির ঐক্যবদ্ধ প্রতিরোধ। তিনি শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় বর্তমান সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
তিনি শহীদদের রক্ত বৃথা যেতে না দেওয়ার অঙ্গীকার করে বলেন, শহীদদের আত্মত্যাগের পথ ধরে বাংলাদেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
অনলাইন ডেক্স 





















