ফরিদপুরে ৭ বছরের এক শিশুর পাকস্থলী থেকে অসাবধানতাবশত গিলে ফেলা পাঁচ টাকার একটি কয়েন সফলভাবে অপসারণ করেছেন চিকিৎসকরা। বুধবার (৮ জুলাই) সকালে বেসরকারি হ্যাপি হাসপাতালের গ্যাস্ট্রো লিভার সেন্টারের চিকিৎসক ডা. নিমাই দাস এ তথ্য নিশ্চিত করেন।
ডা. নিমাই দাস জানান, মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আধুনিক এন্ডোস্কোপি পদ্ধতির মাধ্যমে শিশুটির পাকস্থলী থেকে কয়েনটি বের করা হয়। শিশুটির নাম অলিপ, সে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা সুজন শেখের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
পরিবারের সদস্যরা জানান, খেলাধুলার সময় অলিপ অসাবধানতাবশত পাঁচ টাকার কয়েনটি গিলে ফেলে। পরে পেটে অস্বস্তি অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, যেখানে পরীক্ষায় কয়েনটি পাকস্থলীতে আটকে থাকার বিষয়টি ধরা পড়ে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, পুরো প্রক্রিয়ায় অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি এবং শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে। অলিপের বাবা সুজন শেখ চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ডা. নিমাই দাস বলেন, আধুনিক এন্ডোস্কোপি প্রযুক্তির কারণে পাকস্থলী বা খাদ্যনালিতে আটকে থাকা বিভিন্ন বিদেশি বস্তু অপসারণ করা সম্ভব হচ্ছে। তবে শিশুদের ক্ষেত্রে এ ধরনের ঘটনা এড়াতে অভিভাবকদের সচেতন হওয়া জরুরি।
অনলাইন ডেক্স 























