চট্টগ্রামে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেট (ডিডিএন)-এর কার্যালয়ে চাঁদা দাবির জেরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। হামলার ঘটনা ঘটে সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টা ১৫ মিনিট থেকে ১২টা ৩০ মিনিটের মধ্যে চকবাজার থানার মনুমিয়াজী লেইন, চন্দনপুরা, বাকলিয়া এক্সেস রোডের মরিয়ম হাইটস ভবনের তৃতীয় তলায় অবস্থিত ডিডিএনের কার্যালয়ে।
মামলার অভিযোগে বলা হয়েছে, ঘটনার দুই দিন আগে ১১ জুলাই হোয়াটসঅ্যাপে কল করে “ডেভিড ইমন” পরিচয় দেওয়া এক ব্যক্তি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর কাছে দুই কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. ইউনুস, ইমরান হোসেন চ্যাং, আকবর হোসেন, মো. সুমন, মো. মনির, মো. গিয়াস উদ্দিন, মো. নয়ন এবং মোহাম্মদ আবদুল নাহিদ রয়েছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।
হামলার সময় অফিসের মালামাল ভাঙচুরের পাশাপাশি নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র লুটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পক্ষ চকবাজার থানায় মামলা দায়ের করেছে এবং তদন্ত চলছে।
অনলাইন ডেক্স 























