রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জায়িদ হাসান শহীদ জননী জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বলে সম্বোধন করেছেন। শনিবার (২৭ জুন) তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ফটো কার্ড শেয়ার করে এ মন্তব্য করেন।
জায়িদ হাসান ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন। তার পোস্টে তিনি লেখেন, ‘জাহান্নামের ইমামের মরণ দিবস আজ। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে বাস্তবায়ন করেছিল বিদেশি নকশা।’
পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে অনেকেই তার মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান এবং জায়িদ হাসানের পদ স্থগিতের দাবি করেন।
এদিকে, সমালোচনার মুখে জায়িদ হাসান আরেকটি পোস্টে দাবি করেন, ‘আমি কোনো শহিদের মাকে নিয়ে বাজে মন্তব্য করিনি। বাংলাদেশে মব কালচারের গোড়াপত্তনকারী জাহানারা ইমামকে জাহান্নামের ইমাম বলেছি। শহীদের মা পরিচয় কারও খুনি পরিচয় মুছে দিতে পারে না। লাউড অ্যান্ড ক্লিয়ার।’
অনলাইন ডেক্স 

























