খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আম বোঝাই পিকআপ উল্টে চালকসহ ৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ব্যাঙমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- আম ব্যবসায়ী মো. আমিনুর (৩১), চালক মো. টিপু (২৮) ও হেলপার মো. উজ্জল (২৫)। চালক ও হেলপারের বাড়ি চট্টগ্রামের ভূজপুর এবং ব্যবসায়ীর বাড়ি খাগড়াছড়ির গুইমারা সিন্ধুকছড়ির বাসিন্দা বলে জানা গেছে।
গাড়ির হেলপার মো. উজ্জল জানান, খাগড়াছড়ি থেকে আম বোঝাই করে বিক্রির উদ্দেশ্যে ঢাকা যাচ্ছিলেন। আলুটিলা পাহাড় নামার সময় ব্যাঙমারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি গর্তে পড়ে যায়। এতে ড্রাইভারসহ ৩ জন আহত হন।
আহতদের মধ্যে চালক ও আম ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। পিছন থেকে আসা অপর এক গাড়ির লোকেরা দেখে আহতদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডা. রুবেল নাথ জানান, আহত ৩ জনের মধ্যে ২ জনের বাম হাতের একাধিক স্থানে হাড় ভেঙে গেছে। তবে তারা শঙ্কামুক্ত। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ শাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা দেখা হচ্ছে।
অনলাইন ডেক্স 














