বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের প্রেক্ষাপটে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার দাবি জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। বুধবার (০৫ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, শ্রমিকের অধিকার এবং পোশাকশিল্পের স্বার্থ পরস্পরবিরোধী নয়। তিনি জানান, দেশের রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাকশিল্প থেকে এবং প্রায় ৪০ লাখ শ্রমিক সরাসরি এ শিল্পের সঙ্গে যুক্ত।
মঞ্জু বলেন, শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্প তীব্র প্রতিযোগিতার মুখে রয়েছে এবং উৎপাদন ব্যয় বাড়লেও আন্তর্জাতিক ক্রেতারা পণ্যের ন্যায্য মূল্য দিচ্ছে না।
এবি পার্টির চেয়ারম্যান রাজনৈতিক নেতাকর্মীদের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের সমালোচনা করে বলেন, দেশে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকা সত্ত্বেও রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজপথে নামছেন। তিনি বলেন, শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণের নামে রাজনৈতিক কর্মীদের মাঠে নামানো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দুর্বল করে।
মঞ্জু গাজীপুরে শ্রমিক তৌফিক হোসেনের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি করেন এবং বলেন, আন্দোলনে রাজনৈতিক দলের অনুপ্রবেশ ও নাশকতার অভিযোগ থাকলে সেগুলোও তদন্ত করতে হবে। এবি পার্টি সংকট তৈরি হওয়ার আগেই সমাধানের রাজনীতি চায় এবং একটি দীর্ঘমেয়াদি জাতীয় পোশাকশিল্প ও শ্রমনীতি প্রণয়নের আহ্বান জানায়।
অনলাইন ডেক্স 























