গাজীপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে গুরুতর আহত তৌফিক মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়েছে।
তৌফিক মিয়া মৃত তবি খাঁর ছেলে। মঙ্গলবার রাত ১১টার দিকে অ্যাম্বুলেন্সে করে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। তিনি গাজীপুরের মির্জাপুর মাস্টারবাড়ী এলাকার লায়লা স্টাইল গার্মেন্টসে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে তৌফিকের বাবা মারা যান। এরপর তিনি লেখাপড়া ছেড়ে জীবিকার সন্ধানে গাজীপুরে চলে আসেন। সেখানে তিনি একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ শুরু করেন।
তৌফিক পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে অংশ নিয়েছিলেন। আন্দোলনের একপর্যায়ে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণের চেষ্টা করলে হামলাকারীরা তাঁর ওপর চড়াও হয়।
আন্দোলনরত অন্য শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়।
অনলাইন ডেক্স 

























