ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হবে। মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানিয়েছেন, ১ ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করতে সবপক্ষ একমত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) তৈরি পোশাক খাতের শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে গঠিত নতুন গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে চেয়ারম্যান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন হলে জানুয়ারি মাসের বেতনের সঙ্গে বাড়তি টাকা পাবেন শ্রমিকরা।
গত ১ নভেম্বর তৈরি পোশাক শিল্পে শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ৬ সদস্যের ‘নিম্নতম মজুরি বোর্ড’ গঠন করে সরকার। শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী ওই দিন সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন মজুরি বোর্ডের ঘোষণা দেন।
বোর্ডের চেয়ারম্যান হিসেবে প্রথমে সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমানকে নিয়োগ করা হয়েছিল। তবে আজ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয় এবং নতুন চেয়ারম্যান হিসেবে জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীকে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে আশফাকুর রহমানকে সরানোর কারণ উল্লেখ করা হয়নি।
বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামছুদ্দিন ও আসিফ আইয়ুব, শ্রমিকপক্ষের প্রতিনিধি আনোয়ার হোসেন ও বাবুল আখতার, এবং নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ। এই বোর্ড শ্রমিকদের ন্যূনতম মজুরির সুপারিশ করবে, যার ভিত্তিতে সরকার নতুন মজুরি কাঠামো ঘোষণা করবে।
অনলাইন ডেক্স 























