মজুরি বৃদ্ধির দাবিতে তৈরি পোশাকশ্রমিকদের আন্দোলন ও অসন্তোষের মধ্যে পোশাক শিল্পের মজুরি বোর্ডের প্রথম সভা শুরু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
সভায় সভাপতিত্ব করছেন বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। বোর্ডের শিল্প শাখার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শ্রম আইন অনুযায়ী তৈরি পোশাক শিল্পের শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হচ্ছে।
মজুরি বোর্ডের সদস্যদের মধ্যে রয়েছেন মালিকপক্ষের প্রতিনিধিত্বকারী আসিফ আইয়ুব, শ্রমিকপক্ষের প্রতিনিধিত্বকারী অনোয়ার হোসেন, গার্মেন্টস শিল্পের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, মালিকপক্ষের প্রতিনিধি এবিএম সামসুদ্দিন এবং নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ।
গত ১ নভেম্বর, বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষের মধ্যে সরকার নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে এবং পোশাক শিল্পের জন্য পৃথক মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নেয়। শ্রম আইনের ১৩৯ ধারা অনুযায়ী, মালিকপক্ষ, শ্রমিকপক্ষ অথবা উভয় পক্ষের আবেদনের ভিত্তিতে সরকার কোনো শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের উদ্যোগ নিতে পারে।
সম্প্রতি শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে।
অনলাইন ডেক্স 
























