পোশাকখাতে অস্থিরতার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকদের দায়ী করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ‘আমরা লক্ষ্য করেছি, বিগত কিছুদিন যাবৎ পতিত স্বৈরাচারের সমর্থিত কিছু পক্ষ নিরীহ শ্রমিক ভাই-বোনদের ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে।’ তিনি অভিযোগ করেন যে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষ থেকে শ্রমিকদের ব্যবহার করে আন্দোলনের নামে ষড়যন্ত্র চলছে।
শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী। তিনি বলেন, অনেকেই ভিন্ন এজেন্ডা বাস্তবায়নে সীমান্তের ওপারের ইশারায় দেশকে অস্থিতিশীল করতে চাইছে।
বন্ধ কারখানার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শিল্প মালিকদের সহযোগিতা চাওয়া হয়েছে। তিনি শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করে বন্ধ কারখানা খুলে দেওয়ার আহ্বান জানান।
মন্ত্রী শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে এ কাজ সম্পন্ন হবে। আজ বিকেল তিনটায় শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।
অনলাইন ডেক্স 
























