প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন কর্তৃক একটি সংবাদপত্রের কপি ছিঁড়ে ফেলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে সম্পাদক পরিষদ। রোববার এক বিবৃতিতে সংগঠনটি মতপার্থক্য প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতা, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখার আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, শনিবার রাশেদ খাঁনের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে তাকে ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার একটি কপি ছিঁড়ে ফেলতে দেখা যায়। সম্পাদক পরিষদ জানায়, কোনো সংবাদ বা সম্পাদকীয় বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করা গণতান্ত্রিক অধিকার। তবে মতপার্থক্য প্রকাশের ক্ষেত্রে দায়িত্বশীলতা ও শালীনতা বজায় রাখা জরুরি।
বিবৃতিতে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী এবং সচিব পদমর্যাদায় অধিষ্ঠিত একজন ব্যক্তির কাছ থেকে বক্তব্য ও আচরণে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় প্রত্যাশিত।
এছাড়া, সাংবাদিকতার ক্ষেত্রে পেশাগত মান, বস্তুনিষ্ঠতা, নৈতিকতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি বলে মনে করে সম্পাদক পরিষদ। সংগঠনটির সভাপতি নূরুল কবীর এবং সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত ওই বিবৃতিতে সবার প্রতি উসকানিমূলক বক্তব্য, হুমকি ও হয়রানি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা সমুন্নত রাখার দাবি জানানো হয়েছে।
অনলাইন ডেক্স 
















