আগামী জাতীয় সংসদ অধিবেশনেই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনসংক্রান্ত আইন পাস হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, দেশে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে সরকার বিশেষ অগ্রাধিকার দিচ্ছে। এ লক্ষ্যে স্থানীয় সরকার, স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীতে নিউএইজ পত্রিকা আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বিদ্যুৎ মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, বৈশ্বিক পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি ও বিদ্যুৎ সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয়, তবে সরকার এ বিষয়ে কাজ করছে।
মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলা করে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি জানান, জ্বালানি সরবরাহের ঘাটতি মোকাবিলায় আরও ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সৌরবিদ্যুৎ ব্যবহারের বিষয়ে তিনি বলেন, সরকার ইতোমধ্যে ভালুকায় ডোমেস্টিক রুফটপ সোলার কর্মসূচি চালু করেছে। এর মাধ্যমে ঘরে ঘরে সৌরবিদ্যুৎ ব্যবহারের আগ্রহ তৈরি হবে। স্থানীয় পর্যায়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের জন্য ইতিমধ্যে ৮ হাজার ৬০০ সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্ত করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, সরকার জনগণের পাশে রয়েছে এবং দেশের সার্বিক জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে সর্বাত্মক কাজ করে যাচ্ছে।
অনলাইন ডেক্স 


















