স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভবিষ্যতে বাংলাদেশে স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থা প্রতিরোধে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন করা প্রয়োজন। তিনি শনিবার ঢাকায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আয়োজিত সেমিনারে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বিচার বিভাগের স্বাধীনতা, নিরপেক্ষ নির্বাচন কমিশন এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। তিনি উল্লেখ করেন, সরকারের লক্ষ্য হলো গণতন্ত্র রক্ষায় কার্যকর ‘ওয়াচডগ’ প্রতিষ্ঠান গড়ে তোলা।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল। আলোচনায় অংশগ্রহণ করেন ফিরোজ আহমেদ এবং হাবিবুর রহমান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে বাকশাল গঠনের মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল, যা সাংবিধানিক সংকট সৃষ্টি করে।
তিনি আরও বলেন, ২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা গণতন্ত্রের জন্য ক্ষতিকর ছিল। মন্ত্রী সকল রাজনৈতিক দলের মধ্যে সমঝোতার ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, রাজনৈতিক বিভাজন চাই না।
স্বরাষ্ট্রমন্ত্রী বিচারকদের জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন, যাতে তারা স্বৈরতান্ত্রিক ক্ষমতার অধিকারী না হন। তিনি বলেন, তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সকলের ঐক্য অপরিহার্য।
অনলাইন ডেক্স 

















