সৌদি আরবে ২০২৬ সালের হজ মৌসুমে ৩৪০ জন বাংলাদেশি হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা ৩০ লাখ ৯১ হাজার ২৪৩ সৌদি রিয়াল বাংলাদেশ সরকার ফেরত পেয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১০ কোটি ২৩ লাখ টাকা। গত ২৯ অক্টোবর বাংলাদেশ হজ অফিস, জেদ্দার ‘নুসুক’ সিস্টেমে এই অর্থ জমা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এ তথ্য জানান। তিনি বলেন, পবিত্র হজযাত্রীদের আর্থিক স্বার্থ রক্ষা এবং দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য সাফল্য।
মন্ত্রী জানান, সৌদি কর্তৃপক্ষ ৩৪০ জন হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য মোট ৩০ লাখ ৯১ হাজার ২৪৩ সৌদি রিয়াল কেটে রেখেছিল। এর মধ্যে ৩১০ জন বেসরকারি ব্যবস্থাপনায় এবং ৩০ জন সরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন।
ধর্মমন্ত্রী বলেন, বাংলাদেশ হজ অফিস, জেদ্দা সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করে এবং প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করে অর্থ ফেরত পাওয়ার উদ্যোগ নেয়। তিনি উল্লেখ করেন, পূর্ববর্তী হজ মৌসুমগুলোতে এ ধরনের অর্থ কর্তনের নজির ছিল না।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২০২৬ সালের হজের উদ্বৃত্ত অর্থ থেকে ৪ হাজার ৩৪১ জন হজযাত্রীকে মোট ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ফেরত দেওয়া হয়েছে।
অনলাইন ডেক্স 






















