রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্র, স্বচ্ছতা ও জবাবদিহিতে বড় ধরনের ঘাটতি রয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
রোববার (১ নভেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশের রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক সুশাসন’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। ২০২৩ সালের জুন থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত দুই পর্যায়ে মোট ৩২টি রাজনৈতিক দলের তথ্যের ভিত্তিতে গবেষণাটি পরিচালিত হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, দলগুলোর গঠনতন্ত্রে আর্থিক ব্যবস্থাপনা, আয়-ব্যয়ের হিসাব, নিরীক্ষা ও জবাবদিহি নিশ্চিত করার সুস্পষ্ট নির্দেশনা অনুপস্থিত। ১৬টি রাজনৈতিক দল নিয়মিত জাতীয় সম্মেলন আয়োজন করে না, যার মধ্যে বিএনপি ১০ বছরের বেশি সময় ধরে সম্মেলন করেনি।
গবেষণায় দেখা যায়, ১৮টি রাজনৈতিক দলের গঠনতন্ত্রে সদস্য হওয়ার যোগ্যতা হিসেবে ন্যূনতম শুদ্ধাচার ও নৈতিকতার শর্ত উল্লেখ নেই। অপরাধীদের দলীয় সদস্যপদ বা গুরুত্বপূর্ণ পদ গ্রহণ ঠেকানোর কার্যকর ব্যবস্থা নেই।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, রাজনৈতিক দলগুলোর কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে ব্যাপক ঘাটতি রয়েছে। বিদ্যমান আইনি কাঠামোও আন্তর্জাতিক উত্তম চর্চার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়।
অনলাইন ডেক্স 






















