ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়াকে আইনজীবী সমিতির সদস্যপদ বহাল রাখার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। ২০০২ সাল থেকে তিনি এই সংগঠনের সদস্য বলে জানা গেছে।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. মঈনুদ্দীন শুক্রবার (৩০ অক্টোবর) কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে ওসির বাগবিতণ্ডার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আইনজীবী সমিতির সদস্যপদ নিয়ে আলোচনা শুরু হয়।
মঈনুদ্দীন বলেন, সরকারি চাকরিতে থাকা অবস্থায় কেন তিনি আইনজীবী সমিতির সদস্যপদ বজায় রেখেছেন, সে বিষয়ে ব্যাখ্যা চেয়ে ২৬ অক্টোবর তাকে নোটিশ পাঠানো হয়েছে। নোটিশের জবাব দিতে আগামী সাত দিন সময় দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, পুলিশের চাকরিতে থেকে আইনজীবী সমিতির সদস্যপদ সক্রিয় রাখা সমিতির বিধিবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি সম্প্রতি আইন পেশায় নিয়মিত যুক্ত না থাকা সদস্যদের চিহ্নিত করতে উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে ২৫ জুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেখানে সরকারি ও বেসরকারি চাকরিতে থাকা সদস্যদের ৩০ জুলাইয়ের মধ্যে স্বেচ্ছায় সদস্যপদ স্থগিত করার নির্দেশ দেওয়া হয়।
প্রসঙ্গত, ২২ অক্টোবর সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে ওসি মনজুর কাদের ভূঁইয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তাদের বাগবিতণ্ডা দেখা যায়।
অনলাইন ডেক্স 






















