জামালপুরের একটি গ্রামে ৩০৮টি পরিবারের মধ্যে ২০৮টি পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা দিয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা মানববন্ধন করে বিচার দাবি করেছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টার দিকে জামালপুর সদর উপজেলার ১২ নম্বর তিতপল্লা ইউনিয়নের চরশী খলিফাপাড়া এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। অভিযুক্ত এসআই আনোয়ার হোসেন বর্তমানে নওগাঁর বদলগাছী থানায় কর্মরত।
স্থানীয়দের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে ২০৮টি পরিবারের সদস্যদের বিরুদ্ধে জামালপুর জজ আদালতে বাঁটোয়ারা মামলা করা হয়েছে। তারা দাবি করেছেন, এসআই আনোয়ার হোসেন তাদের জমি দখলের চেষ্টা, ফসল নষ্টের হুমকি এবং মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখাচ্ছেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী মমতা বেগম বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমি এর বিচার চাই।’ অপর এক বাসিন্দা শহীদ জানান, ‘আমাদের সবাইকে মামলায় জড়ানো হয়েছে এবং প্রতিবাদ করলে হুমকি দেওয়া হচ্ছে।’
এলাকার ৩ নম্বর ওয়ার্ডের সদস্য হানি শেখ বলেন, ‘এত মানুষের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য সরকারের কাছে অনুরোধ জানাই। আমরা এ ঘটনার বিচার চাই।’ অভিযোগের বিষয়ে এসআই আনোয়ার হোসেন জানান, মানববন্ধনে লোক ভাড়া করে আনা হয়েছে এবং জমি দখল নিয়ে বিরোধের কারণে মামলা করা হয়েছে।
অনলাইন ডেক্স 






















