পটুয়াখালীর বাউফলে খাল থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় ব্যক্তির অর্ধগলিত মরদেহকে নিখোঁজ বাবা আলম গাজীর (৫৫) দাবি করে হত্যা মামলা করেছেন তার বড় মেয়ে রিপা বেগম (৩২)। রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে বাউফল থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে।
এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে বাউফল পৌর শহরের বাংলাবাজার জামে মসজিদসংলগ্ন আলোকি খাল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের সূত্রে জানা গেছে, আলম গাজী ২১ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন। তিনি তিন স্ত্রী নিয়ে বসবাস করতেন।
রোববার কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়িতে গিয়ে মরদেহের লুঙ্গি ও টি-শার্ট দেখে প্রথম স্ত্রী ও চার সন্তান দাবি করেন, এগুলো নিখোঁজ আলমের। এরপর রিপা বেগম হত্যা মামলা করেন।
কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মনিরুজ্জামান সরদার জানান, মরদেহটির সঙ্গে প্রায় ১৭টি ইটভর্তি একটি প্লাস্টিকের বস্তা বাঁধা ছিল। এটি গুমের উদ্দেশ্যে খালে ডুবিয়ে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর মরদেহটি পটুয়াখালী সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, স্বজনদের দাবির পরিপ্রেক্ষিতে মামলা নেওয়া হয়েছে। তবে ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পরই মরদেহটি আলম গাজীর কি না, তা নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অনলাইন ডেক্স 

























