রংপুরের বদরগঞ্জে পৌর বিএনপির সভাপতি কমল লোহানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকারকে ‘মাদকের ডিলার’ আখ্যা দিয়েছেন। রবিবার (১৮ অক্টোবর) বিকেলে জামুবাড়ী পকিহানা রেলগেট খেলার মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মিনিবার ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
কমল লোহানী অভিযোগ করেন, বর্তমান থানার ওসি মাদকের পৃষ্ঠপোষকতা করছেন এবং তার কারণে এলাকায় মাদকের বিস্তার বেড়েছে। তবে ওসি হাসান জাহিদ সরকার এসব অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং তাদের নীতি ‘জিরো টলারেন্স’।
বিএনপি নেতার বক্তব্যের পর স্থানীয় পর্যায়ে মাদক নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা নিয়ে আলোচনা শুরু হয়েছে। কমল লোহানী আরও দাবি করেন, বদরগঞ্জের মানুষকে নিয়ে ভাবতে হবে এবং তিনি ওসির দ্রুত অপসারণ দাবি করেন।
ওসি হাসান জাহিদ সরকার বলেন, রাজনৈতিক নেতাদের মন্তব্য তাদের নিজস্ব বিষয়। তিনি জানান, পুলিশ মাদক নির্মূলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং এ বিষয়ে বিভ্রান্তি থাকা উচিত নয়।
এদিকে, কমল লোহানীর বক্তব্যের পেছনে একটি আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভায় তাকে আমন্ত্রণ না জানানোর বিষয়টি থাকতে পারে বলে মনে করেন ওসি। তিনি জানান, ওই সভা সম্পূর্ণ আইনশৃঙ্খলাবিষয়ক আলোচনা ছিল।
অনলাইন ডেক্স 























