ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১৫টি সিলিং ফ্যানসহ লোহার পাইপ ও অ্যাঙ্গেল চুরির ঘটনায় মো. মান্না শেখকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে ফরিদপুরের ৩ নম্বর আমলি আদালত এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মান্না শেখ একজন বেসরকারি অ্যাম্বুলেন্সচালক এবং বোয়ালমারী পৌর বিএনপির সহকোষাধ্যক্ষ মো. রিজাউল হক শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৬ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাঁচতলা ভবনের নিচতলায় অবস্থিত একটি অব্যবহৃত কক্ষের তালা ভেঙে মালামালগুলো চুরি করা হয়। পরদিন শনিবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি জানতে পারে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভবনের পেছনে থাকা অব্যবহৃত ক্যান্টিন কক্ষ থেকে এসব মালামাল নিয়ে যাওয়া হয়। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে মান্না শেখকে শনাক্ত করা হয়।
ঘটনার পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নাজমুল হাসান বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। পুলিশ তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় মান্নাকে গ্রেপ্তার করা হয়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, সিসিটিভি ফুটেজের মাধ্যমে চুরির ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা মালামালসহ তাকে আদালতে পাঠানো হলে আদালত ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন।
এদিকে, স্থানীয়দের অভিযোগ, বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। তবে এ অভিযোগের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
অনলাইন ডেক্স 























