উরুগুয়ে কাপের একটি ম্যাচে ফুটবলে নতুন প্রযুক্তির ব্যবহার দেখা গেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কোপা উরুগুয়েতে রেন্তিস্তাসের বিপক্ষে নাসিওনালের ম্যাচে রেফারি এদুয়ার্দো ভারেইয়া একজন ফুটবলারকে সতর্ক করতে ফোনের আকারের একটি ইলেকট্রনিক ডিভাইস তুলে ধরেন।
এটি ফুটবলে কার্ড দেখানোর প্রথার আধুনিকীকরণের লক্ষ্যে একটি পরীক্ষামূলক উদ্যোগ। পরিচিত হলুদ কার্ডের পরিবর্তে ডিজিটাল স্ক্রিন ব্যবহার করা হয়েছে। এই পদ্ধতি ডিজিটালভাবে শাস্তিমূলক সিদ্ধান্তগুলো রেকর্ড করার মাধ্যমে রেফারিদের প্রশাসনিক কাজকে সহজ করার জন্য ডিজাইন করা হয়েছে।
প্রকল্পটির পরিচালক মাউরো সাকো উরুগুয়ের রেডিও ‘এল এস্পেকতাদোর দেপোর্তেস’কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “ফুটবলে একমাত্র যে বিষয়টি এখনো অ্যানালগ রয়েছে, আমরা সেখানে প্রযুক্তি নিয়ে আসতে কাজ করছি।”
নতুন ডিভাইসটি টাইমস্ট্যাম্পসহ ম্যাচের ঘটনাগুলো রেকর্ড করে এবং এর মাধ্যমে উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের ‘কমেট’ প্ল্যাটফর্মে আনুষ্ঠানিক রেকর্ড জমা দেওয়ার প্রক্রিয়াকে সহজ করার লক্ষ্য রয়েছে।
তবে প্রথম পরীক্ষায় ‘দৃশ্যমানতা’ সমস্যা দেখা দিয়েছে। সূর্যের আলোর কারণে স্ক্রিনটি দেখতে অসুবিধা হচ্ছিল। ডেভেলপাররা এই সমস্যা সমাধানের জন্য ডিভাইসটির চারপাশে এলইডি লাইটিংসহ বিভিন্ন পরিবর্তন নিয়ে কাজ করছেন। সাকো জানান, এই প্রকল্পের হার্ডওয়্যার ও সফটওয়্যারের পেটেন্ট নেওয়া হয়েছে এবং এটি চীনে ভিত্তি করে তৈরি হয়েছে।
অনলাইন ডেক্স 
























