বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম জাতীয় দলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি প্রায় দুই বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন এবং মানসিক স্বাস্থ্যগত কারণে দল থেকে সরে দাঁড়িয়েছিলেন। নতুন বোর্ডের কাছে আনুষ্ঠানিকভাবে ফেরার আগ্রহের কথা জানিয়েছেন তিনি।
জাহানারা সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন প্রায় দুই বছর আগে। এরপর তিনি মানসিক স্বাস্থ্যের সমস্যার কারণে জাতীয় দল থেকে নিজেকে গুটিয়ে নেন এবং অস্ট্রেলিয়ায় ক্লাব পর্যায়ের ক্রিকেট খেলতে থাকেন। গত বছরের ডিসেম্বরে তিনি প্রকাশ্যে জানান যে, দলে থাকাকালীন মানসিক ও যৌন হেনস্থার শিকার হয়েছিলেন।
বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু জানান, জাহানারা বোর্ডকে তার ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন। তিনি বলেন, 'জাতীয় দলে ফিরতে হলে সাধারণ যে প্রক্রিয়া রয়েছে, তা অনুসরণ করতে হবে।' এর মধ্যে ঘরোয়া ক্রিকেটে খেলা, ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং নিয়মিত ভালো পারফরম্যান্স দেখানো অন্তর্ভুক্ত রয়েছে।
নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদও জাহানারার ফেরার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। তিনি বলেন, 'দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকায় তাকে অবশ্যই ফিটনেস পরীক্ষা দিতে হবে।' ঘরোয়া মৌসুম শুরু হতে যাচ্ছে এবং বিসিবি তাকে কোন দলে অন্তর্ভুক্ত করবে, সে সিদ্ধান্তও বোর্ডই নেবে।
অনলাইন ডেক্স 

























