ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন ‘মহানগর এক্সপ্রেস’ চালু হচ্ছে, যা পর্যটনপ্রেমীদের জন্য সুখবর। আগামী ২৬ অক্টোবর থেকে এই ট্রেনটি চালু হবে, যা ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনীসহ বিভিন্ন জেলার যাত্রীদের জন্য সরাসরি কক্সবাজারে যাতায়াতের সুযোগ দেবে।
বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ সফিকুর রহমান জানান, মহানগর এক্সপ্রেস যাত্রাপথে বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ স্টেশনে যাত্রাবিরতি নেবে। এটি সরাসরি বা বিরতিহীনভাবে চলবে না।
নতুন সময়সূচি অনুযায়ী, ৭২২ নম্বর ট্রেনটি প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে। অপরদিকে, ৭২১ নম্বর ট্রেনটি সকাল ৮টায় কক্সবাজার থেকে ছেড়ে দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে।
নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনীসহ বেশ কয়েকটি স্টেশনে ট্রেনটি যাত্রাবিরতি করবে। তবে নতুন সূচি অনুযায়ী, ট্রেনটি চট্টগ্রামের কুমিরা স্টেশনে থামবে না।
যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য ট্রেনে শোভন চেয়ারের পাশাপাশি এসি চেয়ার, এসি সিট এবং এসি বার্থের ব্যবস্থা থাকবে, যা পর্যটকদের পছন্দ ও বাজেট অনুযায়ী আসন বেছে নিতে সহায়তা করবে।
বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ও ‘পর্যটক এক্সপ্রেস’ চলাচল করছে। মহানগর এক্সপ্রেস যুক্ত হওয়ায় যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
অনলাইন ডেক্স 






















