তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের গ্রেপ্তারের তীব্র নিন্দা করেছেন। তিনি বুধবার সামাজিকমাধ্যমে দেওয়া স্ট্যাটাসে অভিযোগ করেন, এই পদক্ষেপের মাধ্যমে একটি পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার চেষ্টা চলছে।
মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্র ও সাংবিধানিক অধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি দাবি করেন, দেশের বিভিন্ন প্রান্তে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে এবং পশ্চিমবঙ্গের ১৪ হাজার মানুষ পুলিশি ও রাজনৈতিক অত্যাচারের শিকার হচ্ছেন। তরুণদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।
এদিকে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া এবং দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচিতে বিধিনিষেধ নিয়ে বিজেপির বিরুদ্ধে কর্তৃত্ববাদী মনোভাবের অভিযোগ তুলেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
মঙ্গলবার যন্তর মন্তরে ‘অবৈধ’ অনুপ্রবেশের অভিযোগে তিন সিজেপি নেতাকে আটক করা হয়। পরে আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। অপর কর্মী অজিঙ্ক শিণ্ডেকে ছয় মাস শান্তি ও সদাচরণ বজায় রাখার শর্তে ব্যক্তিগত বন্ডে মুক্তি দেওয়া হয়।
সিজেপির আইন বিভাগের প্রধান রত্না সিং অভিযোগ করেছেন, আটক কর্মীদের কয়েক ঘণ্টা আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি এবং প্রথমে আটকের কারণও জানানো হয়নি। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে বিরোধীদের চলমান আন্দোলনের মধ্যে এই ঘটনা ঘটেছে।
অনলাইন ডেক্স 






















