বিশ্ব বাত দিবস উপলক্ষে শিশুদের বাত ও জয়েন্টের সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার বিশেষ স্বাস্থ্য ক্যাম্প আয়োজন করেছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রতিষ্ঠানটির দ্বিতীয় তলায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে শিশু-কিশোরদের জন্য সচেতনতামূলক আলোচনা, প্রাথমিক স্বাস্থ্য পরামর্শ এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়।
বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে সেবা দেন ডা. ইমনুল ইসলাম ইমন, ডা. মৌসুমী আহমেদ মৌরী, ডা. ইসমাত জাহান ফেরদৌসী ও ডা. রেজওয়ানা রহমান। তারা শিশুদের জয়েন্টে ব্যথা, ফোলাভাব, সকালে জয়েন্ট শক্ত হয়ে যাওয়া, হাঁটাচলায় অসুবিধাসহ বিভিন্ন উপসর্গ সম্পর্কে অভিভাবকদের পরামর্শ দেন।
ক্যাম্পে অংশ নেওয়া রোগী ও অভিভাবকরা আয়োজনটির প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া জানান। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তারা সন্তুষ্টি প্রকাশ করেন।
আলোক কর্তৃপক্ষ জানায়, শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে রোগের প্রাথমিক লক্ষণ সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ। তারা ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
অনলাইন ডেক্স 

























