মেহেরপুরে সাংবাদিক মাহাবুব চান্দুকে ‘পিঠের ছাল তুলে নেওয়ার’ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে টেকনিক্যাল কলেজ শিক্ষক রাকিবুল হাসান রিপনের বিরুদ্ধে। তিনি মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের ছোট ভাই।
ভুক্তভোগী সাংবাদিক মাহাবুব চান্দু জানান, রোববার (১১ অক্টোবর) দুপুরে তাকে মোবাইল ফোনে কল করে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেওয়া হয়। তিনি অভিযোগ করেছেন যে, ‘মেহেরপুরে সার ডিলার নিয়োগে দলীয়করণ ও স্বজনপ্রীতির অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশের জেরে এই হুমকি দেওয়া হয়েছে।
রাকিবুল হাসান রিপন অভিযোগের বিষয়ে বলেন, সংবাদে দলীয়করণের বিষয়টি তিনি স্বীকার করেন, তবে স্বজনপ্রীতির অভিযোগের ব্যাখ্যা চেয়েছেন। তিনি হুঁশিয়ারি দেন যে, জবাব দিতে না পারলে চান্দুকে মেহেরপুরে সাংবাদিকতা করতে দেওয়া হবে না।
মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সদস্যরা এই ঘটনার নিন্দা জানিয়েছেন এবং আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন। প্রেস ক্লাবের সভাপতি তোযাম্মেল আযম জানান, ইতোমধ্যে সদর থানায় জিডি করা হয়েছে।
মেহেরপুরের পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী বলেন, বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তের বড় ভাই অ্যাডভোকেট কামরুল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
অনলাইন ডেক্স 

























