বাকেরগঞ্জে জিনের মাধ্যমে রোগ সারানোর প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় এ অভিযানে তাদের আটক করা হয়। অভিযোগ রয়েছে, অসুস্থ ব্যক্তিকে সুস্থ করার আশ্বাস দিয়ে তারা ১ লাখ ৮৬ হাজার ৭২৪ টাকা হাতিয়ে নিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. বায়জিদ (২৫), মো. রনি হাওলাদার (২৬) এবং মো. ফজলে রাব্বি (২৪)। তারা ভোলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। মামলার এজাহার অনুযায়ী, বাকেরগঞ্জ উপজেলার দাওকাঠি গ্রামের সাব্বির হোসেন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
সাব্বিরের অসুস্থতার সুযোগ নিয়ে গত ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিনটি মোবাইল নম্বর ব্যবহার করে প্রতারক চক্রটি তার সঙ্গে যোগাযোগ করে। তারা ‘জিনের বাদশা’ পরিচয়ে অলৌকিকভাবে সুস্থ করার নিশ্চয়তা দেয়। তাদের কথায় বিশ্বাস করে সাব্বির বিকাশের মাধ্যমে টাকা পাঠান।
মামলা দায়েরের পর পুলিশ আধুনিক প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে। সোমবার (১২ অক্টোবর) ভোরে বোরহানগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রথমে বায়জিদকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী রনি ও ফজলে রাব্বিকে আটক করা হয়।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, চক্রটির সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশি অনুসন্ধান অব্যাহত রয়েছে।
অনলাইন ডেক্স 






















