ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন নিয়ে মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাউত। তিনি আন্দোলনকারী ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতাদের ‘দেশবিরোধী শক্তি’ আখ্যা দিয়ে অভিযোগ করেছেন, বিক্ষোভের আড়ালে ভারতকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় দিল্লিতে বিক্ষোভ ও আটকের ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কঙ্গনা বলেন, দেশের মানুষ এখন এসব শক্তিকে প্রকাশ্যে চিহ্নিত করছে। তিনি উল্লেখ করেন, পুলিশের পাশাপাশি সাধারণ মানুষও তাদের ধরে জবাবদিহির মুখোমুখি করতে পারে।
কঙ্গনা আন্দোলন মোকাবিলার ক্ষেত্রে সাধারণ নাগরিকদের দুর্ভোগের বিষয়টিও বিবেচনায় রাখার ওপর গুরুত্ব দেন। তার ভাষ্য, দেশকে সুরক্ষিত রাখতে বিভিন্ন শক্তি কাজ করছে, তবে পরিস্থিতি সামাল দিতে গিয়ে সাধারণ মানুষ যাতে কোনো সমস্যায় না পড়েন, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
এদিকে, সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিজেপির কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার দিল্লিতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেয় পুলিশ। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে আন্দোলনকারীরা দাবি করছেন, এই প্রক্রিয়ায় অনেক ভোটারের নাম অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে।
১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে বড় সমাবেশের কর্মসূচি দিয়েছিল সিজেপি। তবে সেখানে পৌঁছানোর আগেই দলটির শীর্ষ নেতাদের আটক করে পুলিশ। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ওই দিন দিল্লিজুড়ে ছয় হাজারের বেশি মানুষকে আটক করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীতে প্রায় ৪১ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছিল।
অনলাইন ডেক্স 
























