ভারতের দিল্লিতে যন্তর মন্তরে বিক্ষোভ করার নতুন তারিখ নির্ধারণের জন্য পুলিশকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলের সহ-সমন্বয়ক আশুতোষ রাঙ্কা এ বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন যে, এই সময়ের মধ্যে পুলিশ কোনো জবাব না দিলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১২ অক্টোবর) সিজেপির আরেক সহ-সমন্বয়ক সৌরভ দাসকে সঙ্গে নিয়ে পার্লামেন্ট স্ট্রিট থানায় যান রাঙ্কা। সেখানে তারা বিক্ষোভের জন্য নতুন তারিখ নির্ধারণের দাবি জানান।
আশুতোষ রাঙ্কা বলেন, ‘যন্তর মন্তর বিক্ষোভের জন্য নির্ধারিত স্থান। সেখানে আমরা কবে বিক্ষোভ করতে পারব, সেই তারিখ জানতে এসেছি।’ তিনি আরও জানান, ‘আমরা কোথায় বিক্ষোভ করব? আগামী ২৪ ঘণ্টার মধ্যে পুলিশকে জানাতে হবে, কীভাবে আমরা বিক্ষোভ করতে পারি। অন্যথায় আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’
গত ১০ অক্টোবর যন্তর মন্তরে সিজেপির প্রস্তাবিত বিক্ষোভের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আয়োজকদের স্বল্প সময়ের নোটিশ, আগের বিক্ষোভে নিয়ম লঙ্ঘনের অভিযোগ এবং জননিরাপত্তা, যান চলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণে অনুমতি প্রত্যাখ্যান করা হয়েছে।
পুলিশের দাবি, প্রস্তাবিত বিক্ষোভের বিষয়ে তাদের ৭ অক্টোবর জানানো হয়েছিল, অর্থাৎ কর্মসূচির মাত্র তিন দিন আগে আবেদন করা হয়। নির্ধারিত নিয়ম অনুযায়ী, বিক্ষোভের জন্য অন্তত ১০ দিন আগে আবেদন জমা দিতে হয়। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ওই বিক্ষোভ আয়োজনের পরিকল্পনা করেছিল সিজেপি।
অনলাইন ডেক্স 
























