মহাসড়কে যানজট ও দুর্ঘটনা রোধে বিশ্বরোডসহ গুরুত্বপূর্ণ সড়কগুলো অটোরিকশামুক্ত করার দাবি জানিয়েছেন ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী। তিনি বলেন, প্রয়োজনে কঠোর অবস্থান নিতে হবে।
মাদানী মঙ্গলবার (৬ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘বিশ্বরোডে অটোরিকশা চালানোর আন্দোলন প্রয়োজনে হার্ডলাইনে গিয়ে হলেও বন্ধ করতে হবে।’ তিনি উল্লেখ করেন, অটোরিকশার কারণে সড়কে যানজট সৃষ্টি হচ্ছে এবং এটি শহর ও গ্রামের বাজারগুলোতে চলাচলকে কঠিন করে তুলছে।
তিনি বলেন, ‘অটোরিকশা চালকদের ন্যূনতম ড্রাইভিং প্রশিক্ষণ নেই এবং তারা সড়কে চলাচলের নিয়ম মানে না। ফলে যানজট, সড়ক দুর্ঘটনা ও মানুষের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে।’
মাদানী আরও বলেন, ‘অটোরিকশা চালকরা হঠাৎ বেকার হয়ে যাবে, এমন সমাধান নয়। সরকারকে তাদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।’ তিনি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, ক্ষুদ্র ব্যবসার সুযোগ এবং সহজ শর্তে ঋণের প্রস্তাব দেন।
তিনি বলেন, ‘মানুষের জীবিকার বিষয়টি বিবেচনায় রেখেই সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। জনস্বার্থে বিশ্বরোডসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোকে অটোরিকশার অবাধ চলাচল থেকে মুক্ত করার ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।’
অনলাইন ডেক্স 

























